খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ ‘জঙ্গি’ হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ভারত। এবার দেশটি পাকিস্তান থেকে সব ধরণের পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার (৩ মে) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানিকৃত বা রপ্তানিকৃত সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হলো। এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম ঘটাতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন হবে।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞাটি ভারতের বৈদেশিক বাণিজ্য নীতির (ফরেন ট্রেড পলিসি ২০২৩) অংশ হিসেবে নতুনভাবে সংযোজিত হয়েছে। ফলে বর্তমানে পাকিস্তান থেকে আসা কোনো পণ্যই আমদানির জন্য অনুমোদিত নয়, এমনকি তা ট্রানজিটেও চলতে পারবে না।
এর আগে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পর্যটন এলাকা বৈসারান উপত্যকায় সশস্ত্র জঙ্গি হামলায় নেপালি এক পর্যটকসহ অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। তদন্তে এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
হামলার পরই বন্ধ করে দেওয়া হয় ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং, যা ছিল ভারত-পাকিস্তানের মধ্যে একমাত্র কার্যকর বাণিজ্যিক রুট।
এর আগেই ভারত পাকিস্তানের ‘সর্বোচ্চ বাণিজ্য অংশীদার’ (মোস্ট ফেভারড নেশন) মর্যাদা বাতিল করে এবং পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে। এর ফলে ২০১৭-১৮ অর্থবছরে দুই দেশের মধ্যে যেখানে বাণিজ্যের পরিমাণ ছিল ২ দশমিক ৪ বিলিয়ন ডলার, তা ২০২৩-২৪ অর্থবছরে এসে মাত্র ৬৪৭ মিলিয়ন ডলারে নেমে আসে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ভারতের পাকিস্তানে রপ্তানির পরিমাণ ছিল ৪৪৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার, আর পাকিস্তান থেকে আমদানি ছিল মাত্র শূন্য দশমিক ৪২ মিলিয়ন ডলার—যা ভারতের মোট আমদানির শূন্য দশমিক ০০০১ শতাংশেরও কম।
এদিকে ভারত সরকার ইন্দাস পানি চুক্তিও স্থগিত করেছে। ১৯৬০ সালের এই চুক্তির মাধ্যমে দুই দেশ নদীর পানি ভাগাভাগি করে ব্যবহার করত। ভারত এখন পাকিস্তানে প্রবাহিত পানি বন্ধ বা সরিয়ে নেওয়ার চিন্তা করছে, যা দেশটির জন্য বড় ধরনের সংকট ডেকে আনতে পারে।
ভারত পাকিস্তানি নাগরিকদের সব ভিসাও বাতিল করেছে এবং যারা আগে থেকে ভারতে অবস্থান করছিলেন, তাদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে চিকিৎসা ভিসাধারীরাও রয়েছেন।
এই সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, তারা ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি, এমনকি ১৯৭২ সালের শিমলা চুক্তিও বাতিল করতে পারে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ব্যাপকভাবে নেমে এসেছে।
সীমান্তে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। পাকিস্তানি সেনারা ভারতীয় পোস্টে গুলি চালাচ্ছে, যার জবাবে ভারতও শক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য আলোচনা হবে না।’
সূত্র: এনডিটিভি
খবরওয়ালা/আরডি