এবার লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ

লাতিন আমেরিকার দেশ পেরু সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দেশটির রাজধানী লিমায় ‘জেন-জি’ তরুণদের বিক্ষোভে সহিংসতার কারণে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বাধীন সংস্থাগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (২১ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

এএফপির একটি প্রতিবেদন থেকে জানা যায়, এর আগের দিন, অর্থাৎ শনিবার (২০ সেপ্টেম্বর), শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশও টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।

‘জেন-জি’ তরুণদের আহ্বানে শুরু হওয়া এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের প্রতি ক্ষুব্ধ অন্যান্য দলও যোগ দেয়। সন্ধ্যায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ও সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

শনিবার প্রথমে পুলিশ জানায় তাদের তিনজন সদস্য আহত হয়েছেন, পরে সেই সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

পেরুর জাতীয় সাংবাদিক সমিতি (এএনপি) নিশ্চিত করেছে যে পুলিশের ছররা গুলিতে ছয়জন সাংবাদিক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা নোতিসিয়াসের সাংবাদিক।

সাপ্তাহিক পত্রিকা ‘হিলডেব্র্যান্ড এন সুস ট্রেস’-এর ফটোসাংবাদিক সিজার জামাল্লোয়া বলেন, পুলিশ সরাসরি লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, তখনই তার পা ও কোমরে আঘাত লাগে। সাংবাদিক ইউনিয়ন এবং পেরুর জাতীয় মানবাধিকার সমন্বয়ক সংস্থা পুলিশের এই দমন-পীড়নের নিন্দা জানিয়েছে।

প্রেসিডেন্ট বোলুয়ার্তের জনপ্রিয়তা ক্রমেই কমছে। তার মেয়াদ আগামী বছর শেষ হবে। দেশজুড়ে চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপ থেকে দেখা যায়, জনগণের চোখে সরকার এবং রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে।

এই সপ্তাহে কংগ্রেস একটি আইন পাস করেছে, যেখানে তরুণদের বাধ্যতামূলকভাবে বেসরকারি পেনশন ফান্ডে যোগ দিতে হবে। এটি অনেক তরুণের অনিশ্চিত কর্মজীবনের মধ্যে নতুন চাপ সৃষ্টি করেছে।
খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।