এমন কোনো জায়গা নেই যেখান থেকে বিএনপি চাঁদা তোলে না: মুফতি ফয়জুল করিম

বিএনপিকে চাঁদাবাজি, গুম-খুন ও দুর্নীতির দল আখ্যা দিয়ে দলটির অতীত ও বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ‘এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না।’

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মুফতি ফয়জুল করিম বলেন, ‘বিএনপির চাঁদাবাজির খবর আমরা প্রতিদিন সংবাদপত্রে দেখছি। এটি কেবল বরফের ওপরে যে অংশ দেখা যায়, তার মতো। নিচে আরও অনেক বেশি চাঁদাবাজির ঘটনা লুকিয়ে আছে। তারা যা প্রকাশ পায়, তার চেয়ে হাজার গুণ বেশি দুর্নীতি করছে।’

আওয়ামী লীগের সম্পদ নিয়েও প্রশ্ন তোলেন ফয়জুল করিম। তিনি বলেন, ‘এস আলম গ্রুপের গাড়ি, সম্পদ—এসব কারা দখল করেছে তা খুঁজে দেখলেই বুঝবেন। আমার খোঁজার দরকার নেই।’

তিনি বিএনপির শাসনামলের নানা প্রসঙ্গ টেনে বলেন, ‘২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত খাম্বা কেস, হাওয়া ভবন, ট্রান্সফার কেলেঙ্কারির মতো কত কিছু দেখেছি। এখন আবার ৯ মাসে ১৫০টি খুন দেখেছি।’

ভবিষ্যৎ নির্বাচনে বিএনপির সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির এমন কোনো বক্তব্য নেই, যেটা শুনে মানুষ তাদের ভোট দেবে। ১৯৯১–৯৬ সালে ক্ষমতায় থেকেও ১৯৯৬ এবং ২০০৮ সালে তারা ক্ষমতায় আসতে পারেনি। কেন? যদি বলেন উন্নয়ন, তবে আওয়ামী লীগ তার চেয়েও হাজার গুণ বেশি উন্নয়ন করেছে।’

তিনি আরও বলেন, ‘তবুও আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ তারা জুলুম-নিপীড়ন করেছে। আজ বিএনপিও একই কাজ করছে। জনগণ কেন বিএনপিকে ভোট দেবে?’

বিএনপির অতীত আচরণ এবং সম্প্রতি ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে ফয়জুল করিম বলেন, ‘ভোলার ঘটনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেই বিএনপিকে মানুষ কেন ভোট দেবে? বলুন।’

‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা: উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক এই সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।