এমপিওভুক্ত সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন হতে পারে বৃহস্পতিবার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী এখনো জানুয়ারি মাসের বেতন পাননি। এদিকে ফেব্রুয়ারি মাসও প্রায় শেষ। এতে অর্থকষ্টে ভুগছেন শিক্ষকরা। অবশেষে জানুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র বলছে, মন্ত্রণালয় থেকে জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন পাওয়া গেছে। বাকি প্রক্রিয়া আজকের মধ্যে শেষ হলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে বেতনের টাকা তুলতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহর সই করা বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, স্কুল-কলেজের মোট তিন লাখ ৪৮ হাজার ৭৬১ শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন। এর মধ্যে স্কুলের দুই লাখ ৬৮ হাজার ২৩৪ জন এবং কলেজের ৮০ হাজার ৫২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (আংশিক লট-১) মূল বেতনের ৬ শতাংশ অবসরভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে।

এছাড়া মূল বেতনের ৪ শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮৪৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে।

মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে। এটি এখন চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় হবে। বুধবারের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।