কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন, ঝুঁকিতে যোগাযোগ ব্যবস্থা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একাধিক স্থানে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক উত্তাল জোয়ার ও সাগরের ঢেউয়ের প্রবল আঘাতে সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ এবং মহেশখালী পাড়া নৌ-ঘাট এলাকায় এ ভাঙন ঘটেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে সাবরাং জিরো পয়েন্ট এলাকার পশ্চিম পাশের প্রায় ১০০ থেকে ১৫০ ফুট রাস্তা সাগরে বিলীন হয়ে গেছে। যদিও সেখানে জিও টিউব বাঁধ দেওয়া ছিল, কিন্তু তাতেও ঢেউয়ের আঘাত ঠেকানো যাচ্ছে না। ফলে জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকে পড়ছে কৃষিজমিতে, এতে নষ্ট হচ্ছে ফসল।

স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহ বলেন, “ঢেউয়ের তীব্রতা যদি আরও বাড়ে, তবে রাস্তার বড় অংশ ভেঙে যেতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, “সবচেয়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শাহপরীর দ্বীপ এলাকার দিকে। যদি এই অংশের রাস্তা পুরোপুরি ভেঙে পড়ে, তবে টেকনাফ ও কক্সবাজারের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।”

এর আগে গত ৩০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বাহারছড়া শীলখালী এবং মুণ্ডার ডেইল এলাকায়ও সড়ক ধসে পড়ে। তখন স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ জরুরি মেরামত করলেও নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে অন্য অংশগুলোতে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, ‘ভাঙনের খবর পাওয়ার পরপরই সরেজমিন পরিদর্শন করেছি। সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করা হবে।’

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।