কক্সবাজার থেকে গাড়ি নিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ভোরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশের অভিযানে তিন ছাত্রলীগ কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে হঠাৎ মিছিলটি বের হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, চকবাজারের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর অনুসারী ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন ইভান মিছিলটির নেতৃত্ব দেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ভোরে হামজারবাগ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। পরে বিশেষ অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। বিকেল পর্যন্ত মোট চারজন আটক রয়েছে।

তিনি আরও জানান, আটকরা কক্সবাজারের চকরিয়া থেকে হাইস ভাড়া করে নগরে এসেছিল। সেই গাড়িটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটকরা হলেন—আবু মুসা, শাকিব আলম, রায়হান উদ্দিন ও মো. আরিফ। এর মধ্যে মুসা উখিয়ার রাজাপালং জাদিমুরার সুরুত আলমের ছেলে এবং শাকিব চকরিয়ার কোনাখালীর আক্কাস উদ্দিনের ছেলে। আরিফ চাঁদপুর জেলার শাহরাস্তির নোয়াপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। রায়হান চট্টগ্রাম নগরের পাঁচলাইশ বিবিরহাট পশ্চিমপাড়ার মৃত ফকির আহমদের ছেলে এবং পেশায় হাইসচালক।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।