কক্সবাজার সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু

পরীক্ষা শেষে পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে গিয়ে ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। সাগরের উত্তাল ঢেউয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে একজনের, নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার সকালে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

মৃত কে এম সাদমান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। সাবাবের দুই নিখোঁজ বন্ধু হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নেমেছিলেন তারা। স্রোতে তিনজন তলিয়ে যায়।

“একজনের লাশ ভেসে আসলেও দুইজন নিখোঁজ রয়েছেন। আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।”

মৃতের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান।

“ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।”

রিয়াদ বলেন, “কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। অন্য দুইজনকে পাওয়া যাচ্ছে না।”

ঘটনা শোনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীদের অকাল মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবরে শোকাহত শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহায়তার চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।