খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫
জনপ্রিয় সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’ যার পরিচালনায় রয়েছেন আকা রেজা গালিব। দীর্ঘদিন পর আবারও পর্দায় আসছে মাসুদ রানা সিরিজের কোনো গল্পের চিত্রায়ণ।
এর আগে ১৯৭৪ সালে ‘বিস্মরণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল প্রথম ‘মাসুদ রানা’ সিনেমা। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে আন্তর্জাতিক প্রযোজনায় মুক্তি পায় ‘এমআর-৯: ডু অর ডাই’।
নতুন এই ওয়েব ফিল্মে মূলত সত্তরের দশকের গল্পকে আধুনিক রূপে উপস্থাপন করা হয়েছে। চিত্রনাট্য রচনা করেছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।
নির্মাতা গালিব বলেন, “এটি মূলত পারিবারিক আবহে গড়ে ওঠা গল্প হলেও এতে রয়েছে একটি টানটান থ্রিলার উপাদান। গল্প ও চরিত্রে কিছুটা আধুনিক রূপান্তর আনা হয়েছে, তবে সবকিছুই কাজী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।”
ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তিনি এখানে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন। এরপর মরদেহ লুকিয়ে রাখতে গিয়ে জড়িয়ে পড়েন এক জটিলতার ভেতর।
এছাড়াও অভিনয়ে রয়েছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।
প্রথমে কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ১৯ জুলাইতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সময়মতো কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে গেছে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজ। মুক্তির নতুন তারিখ শিগগিরই জানানো হবে।
খবরওয়ালা/টিএস