ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি খালাতো ভাইকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে নয়ন চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবক আটক হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক নয়ন চন্দ্র মণ্ডলের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায়।
কারা সূত্র জানায়, নয়নের খালাতো ভাই সিনহাত মণ্ডল কয়েক দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শনিবার দুপুরে নয়ন কারাগারে গিয়ে ভাইকে দেখার কথা বলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু কারাগারের মূল ফটকের সামনে স্থাপন করা আরপি তল্লাশিচৌকিতে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। তখন কারারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। নয়নের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁর প্যান্টের পেছনের পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুমের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, ‘গাঁজাসহ একজন যুবককে আটক করার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’
খবরওয়ালা/এসআই



