খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকীতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই শিক্ষক।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২)। তিনি ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
থানা পুলিশ জানায়, ওইদিন দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হোসেন্দী পূর্বপাড়ার একটি কোচিং সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ লোকজন পালিয়ে গেলেও দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এমএজেড