কী ঘটেছিল থালাপতি বিজয়ের সমাবেশে, কীভাবে প্রাণ গেল ৩৯ জনের

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯-এ দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন নারী ও ৯ শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

শনিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সমাবেশস্থলে অন্তত ৩০ হাজার মানুষ ভিড় করেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে ধাবিত হলে কয়েকজন অচেতন হয়ে পড়েন এবং মুহূর্তেই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, প্রচণ্ড গরম ও ভিড়ে অনেকের দম বন্ধ হয়ে আসে। এসময় মঞ্চের দিকে ধাবিত হওয়ার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় তখন বক্তৃতা থামিয়ে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন।

পুলিশ জানায়, সমাবেশের জন্য লাইটহাউস চত্বরে অনুমতি চাওয়া হলেও স্থান সংকীর্ণ হওয়ায় অনুমতি দেওয়া হয়নি। আয়োজকেরা বলেছিলেন, সর্বোচ্চ ১০ হাজার মানুষ আসবেন, কিন্তু উপস্থিতি ২৭ হাজার ছাড়িয়ে যায়। বিজয়ও নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা দেরিতে উপস্থিত হন। দীর্ঘ অপেক্ষা, গরম এবং খাদ্য-পানির অভাব ভিড়কে আরও অস্থির করে তোলে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ১ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে কমিশন গঠনেরও কথা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় বলেন, ‘কারুরে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’

ঘটনার পর বিজয় সরাসরি ট্রিছি বিমানবন্দর হয়ে চেন্নাই ফিরে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে থাকা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।