খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এই সংঘর্ষ ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০) অন্তর্ভুক্ত। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তিনজন নিহত হন এবং রব্বানীর ছেলে আপেল মিয়াসহ (৪৭) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আপেল মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র রেফার্ড করা হয়। অন্য আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ভুন্দুরচর গ্রামটি জিঞ্জিরাম ও কালোর নদীর মধ্যে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যেখানে প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা থাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, “তিনজন নিহত হয়েছেন। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।” তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
খবরওয়ালা/আরডি