খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ই অক্টোবর ২০২৫, ৯:৪৭ পিএম
উজান থেকে হাজার হাজার গাছের গুঁড়ির সঙ্গে মরা গরু, মরা মাছ ও জ্যান্ত সাপের মতো মৃত প্রাণীর পর এবার দুধকুমার নদে ভেসে এসেছে একটি মৃত গন্ডার।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে গন্ডারটি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, নদের প্রবল স্রোতে ভেসে আসার সময় কোথাও আঘাত লেগে গন্ডারটি মারা গেছে। পরে এটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে এসে চরে আটকা পড়ে। স্থানীয়রা বিষয়টি ইউপি চেয়ারম্যান কামরুল ইসলামকে জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেন। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম, যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা ও উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, ‘গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র স্থানান্তর সম্ভব নয়। তাই চরের মধ্যেই গর্ত করে পুতে ফেলার জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এছাড়া, যাদুঘরের লোকজন এসেছেন, তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন।’
যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, ‘নিরাপত্তার জন্য গন্ডারটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর দেহ পচন প্রক্রিয়া দুই মাস পর্যন্ত চলবে। পচন প্রক্রিয়া শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে সংরক্ষণ করা হবে। এসব শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।’
খবরওয়ালা/শরিফ
মন্তব্য