কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকা থেকে নিখোঁজ অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার বাসিন্দা ও দবির উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় সারারাত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।
স্বজনদের দাবি, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে রফিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১১টা ৫০ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
রফিকুলের ছেলে নিলয় জানান, ভোরে কুমারখালী এলাকায় খোঁজ করতে বের হয়েছিলেন তিনি। তখনই খবর পান তাঁর বাবার লাশ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, ‘আমার বাবাকে মেরে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



