কোহলিদের বিজয় উদযাপনে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের আনন্দে যখন উল্লাসে মাতোয়ারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তখন উদযাপনের মঞ্চেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলিদের বেঙ্গালুরু। শিরোপা জয়ের পরদিনই ঘরের মাঠে দলটির সম্মাননা ও উদযাপনের আয়োজন করা হয়।

বুধবার সকালে বেঙ্গালুরু দলের সদস্যরা প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিকেলে শহরের এম চিন্মাস্বামী স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগির জন্য হাজির হন অধিনায়ক রজত পতিদারসহ দলের অন্যান্য সদস্যরা। ট্রফি উঁচিয়ে ধরেন দলনেতা।

স্টেডিয়ামের ভেতরে হাজারো ভক্তের জন্য নির্ধারিত আসন থাকলেও মাঠের বাইরে জড়ো হয় কয়েক লাখ মানুষ। তাদের অনেকেই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খলা। একপর্যায়ে সৃষ্টি হয় পদদলিত হওয়ার ভয়াবহ পরিস্থিতি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।

পরে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শোক প্রকাশ করেছে বেঙ্গালুরু দল ও কর্ণাটক সরকার।

এদিকে উদযাপন ঘিরে এমন ট্র্যাজেডি দেশের ক্রীড়াঙ্গনে গভীর দুঃখ ও উদ্বেগের সৃষ্টি করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।