খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ই সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৬ এএম
খাগড়াছড়িতে সশস্ত্র ইউপিডিএফ সদস্যদের সাথে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনাটি জেলার পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘটে।
শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসাবে আজ সকালে সেনাবাহিনীর টহল দল ইউপিডিএফের (মূল) দলের একজন সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাসস্থানে তল্লাশি চালাতে গেলে পাড়ায় অবস্থানরত ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ইউপিডিএফ (মূল) দলের সাথে তাদের গুলিবিনিময় হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট এবং ইউনিফর্মসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ওই এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলটি পালাতে সক্ষম হয়। এই ঘটনার সাথে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য