খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি !

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে কি না, তা আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

শনিবার বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিক্যাল বোর্ড রাতেই চূড়ান্ত মত দেবে।

গতকাল শুক্রবার ভোরে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সে করে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল। তবে কারিগরি সমস্যার কারণে সেই অ্যাম্বুল্যান্সটি ঢাকায় পৌঁছাতে পারেনি এবং যাত্রা স্থগিত হয়।

এদিকে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে পাঠানোর উদ্যোগ নিয়েছে। বিমানের ভাড়া ও অন্যান্য ব্যবস্থাপনা কাতার সরকারই করছে বলে জানা গেছে।

শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, এন্ডোস্কোপি রিপোর্টে পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় এসে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তার শাশুড়ির খোঁজখবর নেন। এখন মেডিক্যাল বোর্ড ও ডা. জুবাইদা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে পরামর্শ করছেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখসহ নানা জটিল রোগে ভুগছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। পরে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শীর্ষ নেতাদের মতে, তিনি ১৩ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার বিদেশযাত্রা একান্তই শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

 

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।