খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা বুধবার (২ এপ্রিল) থেকে লন্ডনে শুরু হয়েছে। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী তিন দিন—আজ, কাল এবং পরশু—তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে। এই পরীক্ষাগুলোর জন্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখবেন এবং কিছু পরীক্ষা লন্ডন ক্লিনিকে করতে হতে পারে।’

খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন, এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘চিকিৎসকরা যেসব পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন, তাদের রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন, তারপরই তিনি দেশে ফিরতে পারবেন।’

খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ডেভেরনশায়ার প্লেসের ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন পৌঁছানোর পর তাকে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা শর্তসাপেক্ষে তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে অধ্যাপক ডা. জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের শারীরিক ও মানসিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন।’

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় যেখানে দেখা যায় খালেদা জিয়াকে পার্কে ঘোরানো হচ্ছে। এ বিষয়ে ডা. জাহিদ বলেন, ‘মঙ্গলবার (১ এপ্রিল) হুইলচেয়ারে করে খালেদা জিয়াকে গাড়ি থেকে নামিয়ে কিছু সময় পার্কে ঘোরানো হয়েছিল। এটি তার মানসিক প্রশান্তি এবং শারীরিক সজীবতা বৃদ্ধির জন্য করা হয়েছিল।’

এদিকে, এবারের ঈদে খালেদা জিয়া তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে ঈদ উদযাপন করেন। এটি তার লন্ডনে তৃতীয় ঈদ উদযাপন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন, এবং ২০১৫ সালে এক-এগারোর পরে তিনি লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।