খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উন্মোচন: মূলহোতা গ্রেপ্তার, উদ্ধার দেড় লাখ টাকা

খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার ৪৯৬ টাকা লুটের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনার মূল হোতা ইউনূস শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি করা টাকার মধ্যে দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইউনূস শেখ রূপসা উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। গত রবিবার (১৭ আগস্ট) দিবাগত ভোররাতে তাঁকে রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৮ আগস্ট) তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। ইউনূসের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি মোটা অঙ্কের ঋণের চাপে ছিলেন এবং চুরি করা টাকা থেকে কিছু ঋণ পরিশোধ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (‘এ’ সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ইউনূসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দেড় লাখ টাকা উদ্ধার করেছে। তবে বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে। তিনি আরও জানান, ইউনূস কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন এবং নিচতলায় তাঁর একটি ওয়ার্কশপ রয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে যে, এই চুরির ঘটনা তিনি একাই ঘটিয়েছেন।

পুলিশ জানায়, পেশায় লেদমিস্ত্রি ইউনূস ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন। তিনি লোহা কাটার দক্ষতা কাজে লাগিয়ে ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে টাকা চুরি করেন। গত শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ব্যাংকে নিরাপত্তাকর্মী না থাকার সুযোগে তিনি এই ঘটনা ঘটান। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরীকে তেমন কোনো অভিযোগ না থাকায় তাঁদের পরিবারের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘কৃষি ব্যাংক পূর্ব রূপসা ঘাট শাখার ছয়টি তালাসহ ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় ইউনূস শেখকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লুট হওয়া বাকি টাকা উদ্ধার ও আরও তথ্য জানতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের তৎপরতায় দ্রুত রহস্য উন্মোচন ও অভিযুক্তকে গ্রেপ্তারে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।