খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২০ই আগস্ট ২০২৫, ৮:২৯ এএম
থাইল্যান্ড থেকে চোখের চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।
মির্জা ফখরুলের অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।
এ ছাড়া গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান। পরদিন ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি তখন দুই সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে ছিলেন। পরবর্তীতে চিকিৎসা শেষ করে গত ৭ জুন দেশে ফেরেন তারা।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য