খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
জামালপুরের মাদারহগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের সময় গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে কুলসুম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ভেলামারী আনন্দবাজার এলাকার জাক্কু মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাক্কু মণ্ডলের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার পর জাক্কু মণ্ডল গোয়ালঘরে মশা তাড়াতে খড় জ্বালিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন। রাত ৮টার দিকে সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে কুলসুম গরু-ছাগল বাঁচাতে গোয়ালঘরে ঢোকেন।
এ সময় গরুর পায়ের নিচে পড়ে গিয়ে তিনি আর বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়াও ৩টি গরু ও ২টি ছাগলের মারা গেছে।
নিহতের ছেলে ওমর ফারুক জানান, গতকাল সোমবার সন্ধ্যার পর মশা খুব বেশি ছিল, তাই খড় জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার পর গরু-ছাগল বাঁচাতে গিয়ে ঘরে ঢুকে দগ্ধ হয়ে মায়ের মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খবরওয়ালা/এমইউ