গাজায় নতুন সামরিক অভিযানের কাঠামো অনুমোদন দিল ইসরায়েল

গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযানের জন্য পরিকল্পনার কাঠামো অনুমোদন দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (১৩ আগস্ট) সেনাবাহিনীর বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ‘গাজায় আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) কার্যক্রমের মূল পরিকল্পনার কাঠামো অনুমোদন দিয়েছেন।’

এর কয়েক দিন আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের আহ্বান জানিয়েছিল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখনো জানায়নি সেনারা কবে গাজা সিটিতে প্রবেশ করবে। এ শহরে পূর্ববর্তী হামলা থেকে বেঁচে আসা হাজারো মানুষ আশ্রয় নিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বিমান হামলা আরো তীব্র হয়েছে। জেইতুন ও সাবরা আবাসিক এলাকায় বেসামরিক বাড়িঘর ও বহুতল ভবন লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে অভিযান পরিকল্পনা অনুমোদনের খবরটি আসার কয়েক ঘণ্টা আগে হামাস জানায়, তাদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মিসরের কায়রোয় পৌঁছেছে ‘অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক আলোচনা’ করার জন্য।

গাজায় টানা ২২ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর ইসরায়েলের এই সম্প্রসারণ পরিকল্পনা আন্তর্জাতিক মহলে যেমন নিন্দার মুখে পড়েছে, তেমনি দেশটির ভেতরেও বিরোধিতা দেখা দিয়েছে। জাতিসংঘের সহায়তায় কাজ করা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এবং ইসরায়েল সেখানে মানবিক সহায়তার প্রবাহ সীমিত করে দিয়েছে।

সরকারি হিসাবের ভিত্তিতে এএফপির সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় এক হাজার ২১৯ জন নিহত হন। এরপর ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।