ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গাজার জনগণের ওপর চলমান নিপীড়ন ও মানবিক সংকটের প্রতিবাদে এই বৈশ্বিক ধর্মঘটে অংশ নিচ্ছেন তারা।
রবিবার (৬ এপ্রিল) শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তারা যখন বোমা হামলা, অনাহার ও নিশ্চিহ্ন হওয়ার মতো মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তখন নীরব থাকতে পারি না। এটি আমাদের নৈতিক দায়বদ্ধতা।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ধর্মঘটের অংশ হিসেবে ৭ এপ্রিল নজরুল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, ল্যাব, পরীক্ষা বা প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশ নেবেন না। তারা এই আন্দোলনকে শান্তি, স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।
শিক্ষার্থীরা আরো বলছেন, ‘এটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি মানবাধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের বিষয়। আমরা সংযোগ স্থাপন, প্রতিবাদ ও সংগঠিত হওয়ার মাধ্যমে আমাদের কণ্ঠস্বর তুলে ধরব।’
তারা নজরুল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীসহ দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানান।
খবরওয়ালা/টিএ