গাজা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর নতুন পরিকল্পনা

গাজা যুদ্ধের অবসান ঘটাতে নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ পরিকল্পনায় সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিব্রু গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজা যুদ্ধ থামিয়ে অঞ্চলটির দায়িত্ব চার আরব দেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে তেলআবিব।

ইরান–ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের অবসানের পর গাজা পরিস্থিতি স্থিতিশীল করতে ফোনালাপে আলোচনা করেন ট্রাম্প ও নেতানিয়াহু। আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরাইলি কৌশলমন্ত্রী রন ডারমারও।

পরিকল্পনা অনুযায়ী, দুই সপ্তাহের মধ্যে হামাসকে গাজা থেকে হটিয়ে অঞ্চলটি সংযুক্ত আরব আমিরাত, মিশরসহ চার আরব দেশের যৌথ তত্ত্বাবধানে আনার রূপরেখা তৈরি হয়েছে। একইসঙ্গে গাজা পুনর্গঠনের অংশ হিসেবে স্বেচ্ছায় অভিবাসনপ্রত্যাশী ফিলিস্তিনিদের গ্রহণ করবে একাধিক দেশ।

পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলের প্রতি একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ন্যূনতম সমর্থন জানাতে বলা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকার করতে পারে। এতে সৌদি আরব ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ তৈরি হতে পারে বলেও দাবি ‘ইসরাইল হায়োম’–এর।

তবে আলোচনার আড়ালে রয়েছে বিতর্কিত একটি দিক। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ থামানোর বিনিময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় চুপিসারে সমঝোতার চেষ্টা চলছে। এমনকি ‘ফ্রেঞ্চ ল’-এর মতো আইন করে প্রধানমন্ত্রী থাকাকালে বিচারের বাধা তৈরি কিংবা প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার সুযোগ তৈরির কথাও ভাবছে নেতানিয়াহুর জোট।

অন্যদিকে, মিশরের কায়রোতে চলমান মধ্যস্থতাচেষ্টা এখনো স্থবির। হামাস বলেছে, যদি ইসরায়েল প্রতিনিধি না পাঠায়, তাহলে তারা জ্যেষ্ঠ নেতাকেও আলোচনায় পাঠাবে না।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বর্তমানে গাজায় হামাসের হাতে অন্তত ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে তারা ধারণা করছে।

 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।