খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫
ইসরায়েলের গাজা হামলার ফলে দেশটি এখন শুধু শত্রুদের নয়, বরং ঘনিষ্ঠ মিত্রদের কাছেও একাকী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।
তিনি বলেন, এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন নেতানিয়াহুকে ‘লুজার’ বা ব্যর্থ ব্যক্তি হিসেবে দেখছেন।
তেল আবিব থেকে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গোল্ডবার্গ বলেন, “হামাসের জবাবকে শান্তি স্থাপনের আগ্রহ হিসেবে দেখে ট্রাম্প যে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন, তা এমনি এমনি নয়।” তার মতে, ইসরায়েল এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে তাদের ‘জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডের অন্তহীন চক্রে’, যে তারা অন্য কোনো পরিস্থিতি কল্পনাও করতে পারছিল না।
বিশ্লেষক আরও উল্লেখ করেন, গাজায় প্রথম ফ্লোটিলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মধ্যে পার্থক্য এবং দ্বিতীয় ফ্লোটিলার পর বিশ্ববাসীর প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। “গত দুই বছরে আজকের মতো এতটা একাকী ইসরায়েল আর কখনো হয়নি,” বলেন তিনি।
গোল্ডবার্গ যুক্তি দেন, নেতানিয়াহুর জন্য মধ্যবর্তী জাতীয় নির্বাচন এখন সুযোগ হতে পারে। তিনি নিজেকে এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করতে পারবেন, যিনি একদিকে কঠিন যুদ্ধ লড়েছেন, অন্যদিকে কঠিন চুক্তিও স্বাক্ষর করেছেন।
খবরওয়ালা/আশ