গাজীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে মা-বাবা ও ছেলেসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার ধনুট উপজেলার সাংইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুরে উপজেলার মাওনা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাত্রা করে। পথে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী মারা যান।

জানা গেছে, অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় জাহিদের স্ত্রী ও অন্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে পুলিশ জানিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।