খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ই সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের দিঘিরপাড় এলাকায় শিন ইউয়েন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস বুধবার (১০ সেপ্টেম্বর) পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেয়নি। সকালে দুই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার দিকে ফিরে যান। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ কারখানার সামনে অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানা পুলিশ কারখানার সামনে এবং আশপাশে অবস্থান করছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য