গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকার জিএমএস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনে অ্যাম্বুল্যান্সটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের বিসমিল্লাহ মোটরসের মালিক সুজন গ্যারেজে তার অ্যাম্বুল্যান্সটি মেরামত করেন। পরে রাত ৮টার দিকে গাড়িটি ট্রায়াল দিতে মহাসড়ক দিয়ে সূত্রাপুরের দিকে যাচ্ছিলেন তিনি।
মহাসড়কের জিএমএস কারখানার সামনে পৌঁছালে হঠাৎ অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক দ্রুত গাড়ি থেকে নেমে আসেন। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনে পুরো অ্যাম্বুল্যান্সটি দাউদাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও নাওজোর হাইওয়ে পুলিশ। তাদের তৎপরতায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে অ্যাম্বুল্যান্সটি সম্পূর্ণ পুড়ে যায়।
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, বিসমিল্লাহ মোটরসের মালিক সুজন অ্যাম্বুল্যান্সটি ঠিক করে ট্রায়াল দিতে গেলে মহাসড়কের সূত্রাপুর জিএমএস কারখানার সামনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।



