খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২৬ই মে ২০২৫, ৯:৩৯ এএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার পারিজাত আমতলা এলাকায় মোবাইল চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আব্দুল হক নামের আরও একজন আহত হয়েছেন। তাকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন।
নিহত ব্যক্তির নাম জুয়েল তালুকদার (৪২)। তিনি নেত্রকোনার কেন্দুয়া থানার কালিমুদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
ওসি সালাউদ্দিন জানান, মোবাইল ফোন চুরির সন্দেহে একদল লোক জুয়েল তালুকদারকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য