খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 5শে ভাদ্র ১৪৩২ | ২০ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী বিপ্লব সাধুকে (৫৫) আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে কাওরাইদ বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বিপ্লব সাধু উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত নারায়ণ পাগলার ছেলে। রাতেই যৌথ বাহিনী তাকে শ্রীপুর থানায় সোপর্দ করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাতে যৌথ বাহিনী বিপ্লব সাধুর নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ঘরের সিলিংয়ের ওপর থেকে তিনটি বান্ডিলে পলিথিনে এবং স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। যৌথ বাহিনী তার ঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বিপ্লব সাধু দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলা রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আজ (বুধবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’
খবরওয়ালা/এমইউ