গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ এক দম্পতি মারা গেছেন। গত ৩ আগস্ট মিরার বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিনই ওই দম্পতির ৪ মাস বয়সী পুত্রসন্তান মারা যায়। পরে বুধবার (৬আগস্ট) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিাদের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টায় হাফিজা খাতুন (২০) ও তার স্বামী রিপন মিয়া (২৩) সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তাদের মধ্যে হাফিজার শরীরের ৭৬ শতাংশ ও রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। এর আগে গত ৩ আগস্ট এই ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের চার মাস বয়সী একমাত্র সন্তান রায়হান মারা যায়।
মৃত রিপনের মামা ফেরদৌস আহমেদ জানিয়েছেন, গত শনিবার দিবাগত ভোররাতে (৩ আগস্ট) বৈদ্যুতিক সুইস দিতেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে তারা স্বামী স্ত্রী সন্তান তিনজনই পুড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও বলেন, ঘটনার দুই দিন আগে শুক্রবার সিলিন্ডার কিনে এনে লাগানো হয়েছিল।
শনিবার রাতেই কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে পুরো ঘর গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। ভোরের দিকে তাদের বাচ্চার কান্নাকাটিতে উঠে কোনো কিছু না বুঝেই দ্রুত সুইচ দিতেই এ ঘটনা ঘটে ।
খবরওয়ালা/এফএস



