খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১২ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর থেকেই প্রশ্ন জেগেছে—তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, জাতীয় দলের হয়ে ঘরের মাঠে তার সম্ভাব্য ‘শেষ’ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলতে পারবেন তো?
মেসির চোট নিয়ে প্রথমদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল, তিনি দীর্ঘ সময়ের জন্য খেলতে পারবেন না। এমনকি চলমান লিগস কাপে আর মাঠে নামা হবে না বলেও ধারণা দেওয়া হয়েছিল। তবে ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির ডান পায়ের মাংসপেশিতে রয়েছে হালকা চোট। এতে কিছুটা স্বস্তি পেলেও ভক্তদের দুশ্চিন্তা পুরোপুরি কাটছে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে মায়ামি জানিয়েছে, মেসির মাঠে ফেরার সময় নির্ভর করছে তার চিকিৎসার অগ্রগতি এবং শরীর কত দ্রুত সাড়া দিচ্ছে তার ওপর। তবে সুনির্দিষ্ট করে কোনো দিনক্ষণ জানানো হয়নি, কবে তিনি আবার মাঠে ফিরবেন।
এদিকে সামনে আসছে আরও বড় চ্যালেঞ্জ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এরপর চার দিনের বিরতিতে ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে, আর দ্বিতীয়টি ইকুয়েডরের গুয়াইয়াকিল শহরে।
আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’ ইতোমধ্যেই একটি প্রশ্ন তুলে ধরেছে—চলমান চোট কাটিয়ে উঠতে না পারলে মেসি কি ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন?
মেসির এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কার পেছনে আরও একটি কারণ রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন। সে হিসেবে, ঘরের মাঠে ৫ সেপ্টেম্বরের ম্যাচটি হতে পারে তার জাতীয় দলের জার্সিতে ‘শেষ’ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। কারণ, এরপর আর্জেন্টিনার সূচিতে বড় ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চে—‘ফিনালিসিমা’, যেখানে প্রতিপক্ষ স্পেন এবং সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি।
এরপর থাকবে কেবল ২০২৬ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয়। তাই আর্জেন্টিনার মাটিতে সমর্থকদের সামনে মেসিকে দেখার এটাই হতে পারে শেষ সুযোগ।
খবরওয়ালা/এমএজেড