চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মোহরা এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম ইকবাল হোসেন রুবেল (৩৫)। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার ছাফা মোতালেব সিটি করপোরেশন কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শনিবার (২৬ জুলাই) সকালে পুলিশ মো. হাসান (২৫) ও রুহুল আমিন (৫৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে চান্দগাঁও থানার খেজুরতলা এলাকায় বসবাস করছেন। গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

নিহত ইকবাল চান্দগাঁও থানার খেজুরতলা দক্ষিণ মোহরা এলাকার মো. ইসকান্দরের ছেলে। পুলিশের তথ্যমতে, এ ঘটনায় ইকবালের ছোট বোন বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দুইজনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ‘ভোরবেলা এক যুবকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ইকবালকে ছিনতাইকারী সন্দেহে ধরে ফেলে। তার সঙ্গে আরও দুজন থাকলেও তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ইকবালকে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তি অপরাধী হয়ে থাকলেও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু এখানে আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’-এর মতো অপরাধ ঘটানো হয়েছে। আমরা এই ঘটনায় মামলা নিয়েছি এবং ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।