চট্টগ্রামে জোড়া খুন, হুকুমের আসামি সাজ্জাদ ও তার স্ত্রী

চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদ ও সারোয়ার হোসেনের বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তিন দিন পর দায়ের করা মামলায় খুনের কারণ সম্পর্কে এই অভিযোগ করেছে বাদীপক্ষ।

গত শনিবার মধ্যরাতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে দুজনকে খুন করার ঘটনায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করে মামলা করেছেন নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে নগরের বাকলিয়া থানায় এ মামলা করা হয়।

মামলার আসামি করা হয়েছে অপর পাঁচজনকে, যারা সরাসরি খুনের ঘটনায় অংশ নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের নাম জানা যায়নি। মামলার হুকুমের আসামি সাজ্জাদ গত ১৫ মার্চ গ্রেপ্তার হয়ে দুটি খুনের মামলায় রিমান্ডে আছেন বলে জানা গেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, সাজ্জাদ ও তাঁর স্ত্রীকে হুকুমের আসামি করা হয়েছে। অন্য পাঁচজন সরাসরি খুনের ঘটনায় অংশ নিয়েছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। মূলত সাজ্জাদ ও সারোয়ার হোসেনের বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করেছে বাদীপক্ষ।
এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।

তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে রুপালি রঙের একটি প্রাইভেট কার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া অ্যাকসেস রোডে আসতে থাকে। গাড়িটি শাহ আমানত সেতু এলাকা থেকে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে তিন-চারটি মোটরসাইকেল সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। প্রাইভেট কারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

পেছন ও পাশ থেকে গুলি ছোড়া হয় গাড়িতে। গুলিতে অনেকটা ঝাঁজরা হয়ে যায় গাড়িটি। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাইভেট কারের দুই আরোহী নিহত হন।

তাঁরা হলেন গাড়িচালক মোহাম্মদ মানিক ও আরোহী আবদুল্লাহ।

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন। ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান তিনি। তাঁর বিরুদ্ধে ১৬টি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।

একটি সূত্র জানায়, ১৫ মার্চ ‘সন্ত্রাসী’ সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ায় আকরাম নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে প্রাইভেট কারে গুলি করা হয়। আকরামের ব্যবহৃত গাড়ি ও এই গাড়ির রং একই। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার পর হুমকির ঘটনায় আকরামের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মামলা করেছিলেন। এতে সাজ্জাদের স্ত্রী, হাসানসহ কয়েকজনকে আসামি করা হয়।

স্ত্রীর পর সাজ্জাদের নানি রেহেনা বেগমও তাঁর নাতির বিরোধিতাকারীদের মারার হুমকি দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আগে গোপনে মারতাম, এখন ওপেন মারব।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।