খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে একদল লোক সময়ের কণ্ঠস্বর ও দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিনকে (বেলাল) প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে।
গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বেলাল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক বেলাল উদ্দিন অভিযোগ করেন, এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। তাকে আন্দরকিল্লায় ডেকে এনে অস্ত্রোপচার করার মতো আহত করা হয়েছে। বেলাল বলেন, হামলার সময় তাকে ফোন করে আন্দরকিল্লায় ডেকে নেয়া হয়েছিল। হামলাকারীরা তাকে টোলমুক্তি নিয়ে নিউজ করার কথা বলে ফাঁদে ফেলেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বেলাল উদ্দিনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বিষয়ে করা সংবাদে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর মালিকানাধীন একটি ড্রেজারের তথ্য ছিল। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই বেলাল উদ্দিনকে নানাভাবে হুমকি দেওয়া হয়।
হামলাকারীদের মধ্যে বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, নিজাম উদ্দিন এবং রেজাউল হক চৌধুরীর অনুসারী মোহাম্মদ নুরুন্নবীকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত মোহাম্মদ নুরুন্নবী দাবি করেছেন, বেলাল ‘আওয়ামী লীগের দোসর’ হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন তারা, তবে সে পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘তাকে পাবলিক মেরেছে’।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি করা হচ্ছে।
খবরওয়ালা/আশ