চব্বিশের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: রিজভী

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে মানুষ জীবন দিতে পারে তার অন্যতম নিদর্শন চব্বিশের গণ-অভ্যুত্থ্যান। তবে অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

বিগত নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘ডামি বলার মতো সৎ সাহসী কোনো বুদ্ধিজীবী দেশে ছিল না। শেখ হাসিনার মিডিয়া এবং বুদ্ধিজীবী দ্বারা বিএনপিকে এতদিন সন্ত্রাসী সংগঠন বানিয়ে অপপ্রচার চালানো হয়েছিল।’

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হলেও বিদেশে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দেয়া হয়েছিল।

রিজভী অভিযোগ করে বলেন, ‘অনেক উপদেষ্টাদের নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, তা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যাক্তিগত স্বার্থে কর্মীদের ব্যবহার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এক চেতনাধারীকে বিদায় করে আরেক চেতনাধারীদের নিয়ে আসা হয়েছে।’ প্রকৃত গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশের জনগণকে হত্যার মাধ্যমে মরণকামড় দেয়ার চেষ্টা করেছিল আওমীলীগ। নির্বাচনের আগেই বিজয়ীদের লিস্ট তৈরির নীল নকশার মাধ্যমে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের নামে বিগত ১৫ বছর ধরে ১ লাখেরও বেশি ভুয়া মামলা হয়েছিল।’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তিনি আরও বলেন, ‘ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার কথা ছিল। বিএনপি সেই কথা রেখেছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।