খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। পাশাপাশি অনুভূত হতে পারে ভ্যাপসা গরম।
শনিবার (১৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম থাকতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা, অনুভূত হতে পারে ভ্যাপসা গরম।
এদিকে, আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এখন অনেকটাই কম। ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে এ সময় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তিনি আরও বলেন, তবে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
খবরওয়ালা/এফএস