চাঁদা না পেয়ে মারধর, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে এক মাহিন্দ্র গাড়িচালককে পিটিয়ে জখম করার অভিযোগে বিএনপির নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (০৩ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বুধবার (৪ জুন) বিকালে মাহিন্দ্রা চালক রাঙ্গা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও পূর্ব জটিয়ারপাড়া এলাকার মুন্নাফের ছেলে গোলাম মোস্তফা জিন্নাহ এবং তার সহযোগী মৃত সুরুজ মন্ডলের ছেলে সোলাইমান ওরফে সুলাই।

পুলিশ জানায়, মাহিন্দ্রা চালক রাঙ্গা মিয়া পূর্ব জটিয়ারপাড়া এলাকার মমিনুর ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। গত ৫ আগস্ট বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর জিন্নাহ ও সুলাই তার কাছে মাসিক ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাঙ্গা মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ৩১ মে রাতে রাঙ্গা মিয়া মাহিন্দ্রা গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে তাকে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনার পর রাঙ্গা মিয়া সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে এবং মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করে। ওই অভিযানে তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। রাঙ্গা মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। বুধবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।