চার-ছক্কার ঝড়ে কক্সের রেকর্ড সেঞ্চুরি!

ইংল্যান্ডের ঘরোয়া টি২০ প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১১ রান। পেসার জেমস ফুলারের ওভারের প্রথম দুই বলে বোলারের মাথার ওপর দিয়ে দুই ছক্কায় ম্যাচের ইতি টেনে দিলেন জর্ডান কক্স। বড় রান তাড়ায় বিধ্বংসী ইনিংস খেলে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান নাম লেখালেন রেকর্ড বুকে।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের হয়ে এই ঝড় তোলেন কক্স। চেমসফোর্ডে বৃহস্পতিবার (১৭ জুলাই) হ্যাম্পশায়ারের বিপক্ষে তিন নম্বরে নেমে ১১টি করে চার ও ছক্কায় ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২২১ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে এসেক্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৪ ম্যাচে কক্সের প্রথম সেঞ্চুরি এটি। বিশ ওভারের ক্রিকেটে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। এক্ষেত্রে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল সল্টের ১১৯।

সব দেশ মিলিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কক্সের চেয়ে বড় ইনিংস আছে পাঁচটি। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস এখানে সর্বোচ্চ।

টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে এসেক্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন কক্সের। ২০০৮ সালে একই মাঠে সাসেক্সের বিপক্ষে গ্রাহাম নেপিয়ারের ৫৮ বলে অপরাজিত ১৫২ সর্বোচ্চ।

রান তাড়ায় কক্স তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় ওভারে। ২৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। সেঞ্চুরিতে পা রাখেন ৪৭ বলে। মাঠ ছাড়েন দলকে জিতিয়ে।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন কক্স। টেস্ট দলে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারেননি তিনি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।