মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যের ওপর তাঁর প্রস্তাবিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়। তবে বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য তিনি চীনকেই দায়ী করেছেন। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রফতানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি টেকসই নয়, কিন্তু সংখ্যাটা এটাই। তারা আমাকে এটি করতে বাধ্য করেছে।’
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রগামী সব চীনা রফতানি পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি আগামী ১ নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেন তিনি। এই সিদ্ধান্ত কার্যকর হবে বর্তমান শুল্ক-ছাড়ের সময়সীমা শেষ হওয়ার নয় দিন আগে।
চীনের পক্ষ থেকে প্রযুক্তি পণ্যের উৎপাদনে ব্যবহৃত বিরল খনিজ উপাদান রফতানিতে হঠাৎ কড়াকড়ি আরোপের জবাব হিসেবেই ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। বিশ্ববাজারে এসব খনিজ উপাদানে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ দীর্ঘদিনের।
ট্রাম্প আরও জানান, দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। এর আগে এই বৈঠক অনিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
‘আমার মনে হয়, চীনের সঙ্গে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে,’ বলেন ট্রাম্প। ‘কিন্তু আমাদের একটি ন্যায্য চুক্তি দরকার, চুক্তিটা অবশ্যই ন্যায্য হতে হবে।’
খবরওয়ালা/এন



