খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
নওগাঁ সদর উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক হেফজ বিভাগের ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।
শিক্ষক আব্দুল মাজেদ বলেন, ‘রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জুজ নামাজের জন্য উঠে দেখি, মাদ্রাসার বারান্দার নিচে রহিম অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে কক্ষে নিয়ে এসে ডাকাডাকি করি, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর মাদ্রাসা কমিটির সদস্য ও থানায় খবর দিলে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
খবরওয়ালা/এন