খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
পাকিস্তান সফলভাবে তাদের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। চীনের সিচুয়ান প্রদেশের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার (এক্সএসএলসি) থেকে ৩১ জুলাই বৃহস্পতিবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো পরিচালিত একটি গুরুত্বপূর্ণ মিশন ছিল। যেখানে চীনের সিইটিসি এবং মাইক্রোস্যাট যৌথভাবে সহযোগিতা করেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
স্যাটেলাইটটি চীনের কুয়াইঝোউ-১এ রকেট ব্যবহার করে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়। এটি ছিল ওই রকেটের ২৯তম সফল উৎক্ষেপণ। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এই স্যাটেলাইটটির মাধ্যমে দেশটির উচ্চ-রেজোলিউশন এবং দিন-রাত পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে।
এটি দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা, কৃষি পর্যবেক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু বিশ্লেষণ, এবং পানিসম্পদ ব্যবস্থাপনা-এর মতো বিভিন্ন খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ে চীন এবং পাকিস্তানের অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, এটি পাকিস্তানের মহাকাশ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি চীন-পাকিস্তান সম্পর্কের সৌহার্দ্যকে মহাকাশ পর্যন্ত নিয়ে গেছে।
এমন একটি সফল উৎক্ষেপণ পাকিস্তানকে তাদের মহাকাশ প্রযুক্তিতে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে দেশের সক্ষমতাকে আরও দৃঢ় করবে।
খবরওয়ালা/আরডি