চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ

বিশ্বস্ত মিত্র এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে অংশ নিতে বর্তমানে তিনি চীনের উপকূলীয় শহর কুইংদাওয়ে অবস্থান করছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যকার টানা ১২ দিনের সংঘাতের পর গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়, তার পর এই প্রথমবার চীন সফরে গেলেন ইরানের কোনো মন্ত্রী। ২০০১ সালে যাত্রা শুরু করা এসসিও-তে বর্তমানে রাশিয়া, চীন, ভারত, ইরান, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ সদস্য হিসেবে রয়েছে। ভৌগোলিক পরিসরে এটাই বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট।

গত ২৪ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনের একদিন পরেই শুরু হয় এসসিও-এর এই প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক।

দুই দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন বৃহস্পতিবার (২৬ জুন)। সম্মেলনের উদ্বোধনী দিনে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডন জুং বক্তব্য রাখেন। তিনি সরাসরি ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে কথা না বললেও বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে চীনের দৃষ্টিভঙ্গি পশ্চিমাদের চেয়ে ভিন্ন।’

উদ্বোধনী দিনে বক্তব্য দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও। তিনি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘তেহরান আশা করে যে বর্তমান যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা হ্রাসে চীন তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।’

প্রসঙ্গত, ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হলো জ্বালানি তেল রপ্তানি। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা বিশ্বে ইরানের তেলের প্রবেশাধিকারে বাধা রয়েছে। এই প্রেক্ষাপটে চীন কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা দেশ হিসেবে ভূমিকা রাখছে।

 

সূত্র: সিএনএন

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।