ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

ছাগলকাণ্ডে দেশব্যাপী আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পলাতক স্ত্রী শাম্মী আখতার ও মেয়ে ফারজানা আখতার ইপশিতাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এই আবেদন পেয়েছে। এরপর রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের সদর দপ্তরে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে বাংলাদেশ পুলিশের এনসিবি।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) আলী হায়দার চৌধুরী জানান, আদালত, রাষ্ট্রপক্ষ বা তদন্ত সংস্থার অনুরোধে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে। সেই অনুযায়ী আবেদন করা হয়েছে।

জানা গেছে, মতিউর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অন্তত চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন। তবে দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার, মেয়ে ফারজানা রহমান ইপশিতা ও ছেলে তৌফিকুর রহমান এখনও পলাতক। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, মতিউরের মেয়ে ফারজানা এবং ছেলে তৌফিকুর বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

সূত্র বলছে, বিপুল সম্পদের মালিক মতিউরের দ্বিতীয় স্ত্রী ঘটনার পরপরই ছেলেকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ দেশেই আত্মগোপনে ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তারা গ্রেপ্তার হলেও শাম্মী আখতার ও ইপশিতা এখনও অধরা।

বর্তমানে শাম্মী আখতার কখনো মালয়েশিয়া, কখনো ভারতে অবস্থান করছেন বলে সূত্র জানিয়েছে। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জুম মিটিং করে নাশকতার পরিকল্পনা করছেন। মূলত এ কারণেই তাকে দেশে ফিরিয়ে আনতে দুদক ও পুলিশ বৃহস্পতিবার থেকে তৎপরতা শুরু করেছে এবং ইন্টারপোলে আবেদন করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।