ছাত্রী উত্ত্যক্তির ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুরো ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলেছে। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ের ফটোকপির দোকানে যান। সেখানে দোকানদার তাকে উত্ত্যক্ত করেন। ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সাথে তর্কে লিপ্ত হন, যা সংঘর্ষে রূপ নেয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। এক পর্যায়ে মাইকে ঘোষণা শুনে ব্যবসায়ীদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামপুর, শ্যামনগর ও সাজিয়ালির মানুষরা।

উভয়পক্ষ লাঠি হাতে মুখোমুখি অবস্থান নেয়। যশোর-চৌগাছা সড়কের উপর ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। এর ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতের সংখ্যা এই মুহূর্তে জানা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।