খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 23শে ভাদ্র ১৪৩২ | ৭ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন ওই এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটা-চলা করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও আইলাপাড়ার কাটপট্টি এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টিরির সামনে গিয়ে কোম্পানিটির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করেন ফ্যাক্টরির কর্মকর্তারা। পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদের মৃত্যু হয়।
এদিকে মারধর করে সাজ্জাদকে হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে সিমেন্ট কারখানায় ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও হামলা চালায়। একপর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
আহসানুল নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘ছেলেটা মানসিকভাবে অসুস্থ থাকায় ঘোরাঘুরি করত। শুনলাম সে নাকি কারখানায় ঢিল ছুড়ছিল। এক জন্য তাকে মারধর করে মেরে ফেলতে হবে? খবর পেয়ে পুলিশ কারখানার সামনে থেকে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ১০ জনকে আটক করেছি। বিস্তারিত পরে বলা যাবে।’
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
পুলিশের ওপর হামলা বিষয়ে জানতে চাইলে হাসানুজ্জামান বলেন, ‘হৃদয়বিদারক ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সিমেন্ট কারখানাটিতে ভাঙচুর চালালে আমাদের পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় একটু ঝামেলা হয়। পরে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করা হয়েছে।’
খবরওয়ালা/এসআর