ছেলে কাসিম দাবি করলেন, বাবা ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দিন

পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ রাখা হচ্ছে—এমন অভিযোগ করেছেন তার ছোট ছেলে কাসিম খান।

এক্স–এ প্রকাশিত এক বিবৃতিতে কাসিম বলেন, পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার জীবিত থাকার কোনও প্রমাণও নেই। তিনি পরিস্থিতিকে ‘ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা’ হিসেবে বর্ণনা করেছেন।

পাকিস্তানের বাইরে বসবাসরত এবং সক্রিয় রাজনীতির বাইরে থাকা কাসিম জানিয়েছেন—ইমরান খান ৮৪৫ দিন ধরে কারাবন্দি এবং গত ছয় সপ্তাহ ধরে ‘ডেথ সেল’-এ একক বন্দিত্বে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারকে সাক্ষাতের অধিকার দেওয়া হয়নি। তিনি লিখেছেন, ‘কোনও ফোন কল হয়নি, কোনও দেখা হয়নি, এবং জীবনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।’

প্রাক্তন ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান নানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং পাকিস্তানের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকেন। কাসিম বলেন, এক মাসের বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে তার পরিবারের সাক্ষাৎ বন্ধ রেখেছে।

কাসিম সতর্ক করে বলেন, ইমরানের নিরাপত্তা সংক্রান্ত যে কোনও ঘটনার জন্য পাকিস্তান সরকার এবং তাদের ‘হ্যান্ডলাররা’ আইনগত, নৈতিক ও আন্তর্জাতিকভাবে পূর্ণ দায়বদ্ধ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

কাসিমের আহ্বান, ‘ইমরান খানের জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করুন, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি দাবি করুন।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।