খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 25শে আশ্বিন ১৪৩২ | ১০ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
গাজীপুরের শ্রীপুরে অবৈধ পার্কিংয়ের দায়ে এক বাসচালককে জরিমানা করায় হামলার শিকার হয়েছে আব্দুর রব (৪৫) নামের এক হাইওয়ে পুলিশ। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বাসচালক, তার সহকারীসহ তিন জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ইমাম পরিবহনের বাসচালক জাকির হোসেন সোহেল (৩৩), সহকারী মো. আরিফ মিয়া (৩৩) ও সোহাগ (২৫)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, আজ সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা লেনে অবৈধ পার্কিং করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর কাজ করে ইমাম পরিবহনের একটি বাস। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তখন অভিযুক্ত বাসচালককে অবৈধ পার্কিং করায় গাড়ি সাইড করতে সিগন্যাল দেয় পুলিশ। এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বাসচালককে জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বাসচালক ও সহকারী।
তিনি আরও জানান, ঘুষ লেনদেনের মিথ্যা অভিযোগ তুলে পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি মারধর করে রাস্তার পাশে নিয়ে যান।
এ সময় আরো কয়েকজন মিলে পুলিশকে মারধর করেন। পরবর্তীকালে খবর পেয়ে সালনা এলাকা থেকে অভিযুক্ত বাসচালক, সহকারীসহ তিন জনকে আটক করা হয়।
ওসি বলেন, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/ এমইউ