জাতিকে বিভক্ত করছে মব সন্ত্রাস—মির্জা ফখরুল

দেশে ক্রমবর্ধমান মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংকটময় পরিস্থিতিকে সুযোগ হিসেবে নেওয়া এবং সহিংসতা ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি, আইনের শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে দলের মহাসচিবের এই বক্তব্য তুলে ধরা হয়। এর কয়েক ঘণ্টা আগেই দেওয়া আরেকটি বার্তায় তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, “যারা দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আমি এই মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

9k= জাতিকে বিভক্ত করছে মব সন্ত্রাস—মির্জা ফখরুল

তার এই বক্তব্য এসেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষাপটে। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে ক্ষুব্ধ আন্দোলনকারীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়ায়। এ সময় দুটি গণমাধ্যমের অফিসেও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে, যা নিয়ে নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ২০ ডিসেম্বর দুপুরে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুলি মাথা ভেদ করে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তিকে সরাসরি গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার সহযোগী হিসেবে আলমগীর শেখ মোটরসাইকেল চালকের ভূমিকা পালন করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দুজনই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‌্যাব ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সহিংসতা ও মব সন্ত্রাস দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা জরুরি। অন্যথায়, এই ধরনের সহিংসতা জাতিকে আরও বিভক্ত করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।