জামালপুরে দীর্ঘ ৪২ বছর ধরে অবহেলিত আন্তঃজেলা বাস টার্মিনালটির উন্নয়ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন জেলার বাস মালিক ও পরিবহণ শ্রমিকরা। জরাজীর্ণ ও অব্যবস্থাপনার অভিযোগে মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন তারা।
জেলার দড়িপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবস্থিত একমাত্র আন্তঃজেলা বাস টার্মিনালটির চরম অব্যবস্থা ও নাজুক পরিস্থিতি তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, টার্মিনালটি এখন কাদামাটি, আবর্জনা আর পানিতে ভরা এক পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে থাকে, যাত্রী ও শ্রমিকদের চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘টার্মিনালটির এখন এমন অবস্থা, যেন আমরা আর এটি ব্যবহারই করতে পারছি না। নেই কোনো টয়লেট, বিশ্রামাগার বা খাবারের ব্যবস্থা। ঈদের মতো বড় মৌসুমে যদি এখনই সংস্কার না হয়, তাহলে চরম ভোগান্তি অপেক্ষা করছে যাত্রী ও শ্রমিকদের জন্য।’
বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন এই টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যেমন টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বেনাপোল ও ময়মনসিংহ রুটে শতাধিক বাস চলাচল করে। অথচ এমন গুরুত্বপূর্ণ টার্মিনালটি উন্নয়ন বঞ্চিত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই।
তাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও জেলা পরিষদ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। যদিও জেলা পরিষদ জানিয়েছে, টার্মিনাল উন্নয়নের জন্য একটি প্রকল্প প্রেরণ করা হয়েছে।
অবরোধ চলাকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ঘটনাস্থলে এসে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।
তবে বাস মালিক-শ্রমিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংস্কার কাজ শুরু না হলে তারা জেলার সব রুটে বৃহত্তর আন্দোলনে নামবেন।
খবরওয়ালা/আরডি



